মোঃ মহসিন আলী
ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:২১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি মহিলা দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শহরের ঢাকামোড় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় কোচস্ট্যান্ডে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা মহিলা দলের ৫ শতাধিক মহিলা নেত্রী ও সমর্থক অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় দফায় দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দিনাজপুর–৫ আসনে তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।মহিলা দলের নেতৃবৃন্দ বর্তমান মনোনয়ন বাতিল করে সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদানের দাবিতে লাগাতার আন্দোলনের প্রতি সমর্থন জানান।
৫ ডিসেম্বর থেকে পার্বতীপুর–ফুলবাড়ী এলাকার অধিকাংশ বিএনপি নেতাকর্মী ও সমর্থক এই দাবিতে আন্দোলন করে আসছেন।সমাবেশে উপস্থিত উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মরিয়ম পারভীন, পৌর মহিলা দলের সম্পাদিকা লায়লা আক্তার সুইটি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মাহিয় মাহি সহ অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।