মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে টেকসই কৃষি উন্নয়ন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান–২০২৫। আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
টেকসই কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় কয়েকটি শ্রেণীতে নির্বাচিত কৃষক ও উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
এর মধ্যে জেনারেল ম্যানেজার ২৯ জন, নির্বাহী পরিচালক ১২ জন এবং উপ-পরিচালক পদে ৫ জনকে সম্মাননা দেওয়া হয়। বিশেষভাবে নির্বাচিত উপ-পরিচালকদের ওমরাহ হজ্বের টিকেট এবং তাদের পিতা-মাতাকে এক লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "টেকসই কৃষি ব্যবস্থা ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মাটির স্বাস্থ্য রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে লুমিনাস গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি কৃষকদের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্যের প্রতি উদ্বুদ্ধ করার চিন্তা থেকে রয়েলটি কৃষি কার্ড প্রদানের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরমীন ইসলাম ডেইজী, ডাইরেক্টর এডমিন আনোয়ার হোসেন, ডাইরেক্টর মার্কেটিং আসিফ মাহমুদ এবং ডাইরেক্টর ফাইনান্স লায়োন জাফর উল্যাহ পাটোয়ারী। বক্তারা টেকসই কৃষি প্রযুক্তি, আধুনিক প্রশিক্ষণ এবং কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
লুমিনাস এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক কৃষিবিদ মোমিনুল ইসলাম (মুনিম) বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প প্রাকৃতিক লুমিনাস পণ্য যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাটির উর্বরতা ধরে রাখাই টেকসই কৃষির মূল চাবিকাঠি।প্রধান ট্রেইনার সারোয়ার হোসেন আধুনিক পদ্ধতির মাধ্যমে উৎপাদিত লুমিনাস পণ্যের ব্যবহার, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের পরিচালক রুহুল আমিন। তিনি বলেন, কৃষি উন্নয়নের সঙ্গে কৃষকের সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।