মোঃ ইউসুফ আলী
জানুয়ারি ৫, ২০২৬, ০৯:১০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলরোডস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা তাঁতীদল ও জেলা কৃষকদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়াও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না মোনাজাতে শরিক হন।
অনুষ্ঠানে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান সরকার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পাভেলের নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান এবং কৃষকদলের যুগ্ম আহবায়ক মমতাজুল ইসলাম স্বপনসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।