মো: ফরহাদ হোসেন
জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জমকালো ‘মহা তাবু জলসা’ ও সনদ বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে চার দিনব্যাপী সপ্তম জেলা কাব ক্যাম্পুরী-২০২৬। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে অংশগ্রহণকারী কাব শিশু ও কর্মকর্তাদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরণের মাধ্যমে এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘মহা তাবু জলসা। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), স্থানীয় সরকারের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন ও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চার দিনব্যাপী এই মেলায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিটের মোট ৫১৮ জন কাব স্কাউট অংশগ্রহণ করে। স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ৭০০ জনের পদচারণায় ক্যাম্প এলাকা এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। কর্মসূচির মধ্যে ছিল শিবির জীবন, দলগত খেলা, কাব স্কিল প্রদর্শনী এবং নেতৃত্ব বিকাশমূলক প্রশিক্ষণ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "স্কাউটিং শিশুদের সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। এই ক্যাম্পুরীর শিক্ষা শিশুদের ভবিষ্যৎ জীবনে বড় মানুষ হতে সহায়তা করবে।"সমাপনী অনুষ্ঠানে জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মহিদুল ইসলামসহ স্কাউট আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রঙিন তাবু ও ব্যাজে সজ্জিত কাব সোনামণিরা একরাশ আনন্দঘন স্মৃতি নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়।