মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪২ বিজিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, দিনাজপুর জেলার ০৪টি নির্বাচনী আসন—দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল)
দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ব্যাটালিয়নটি ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে রায়োট কন্ট্রোল মহড়া এবং পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) অন্যতম। এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তালিকা সংগ্রহ করে ৫০৪টি কেন্দ্র রেকি সম্পন্ন করেছে বিজিবি। নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে ০৭টি বেস ক্যাম্প স্থাপনের স্থানও নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর করতে বিজিবি বদ্ধপরিকর। ভোটাররা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”সার্বিক পরিস্থিতি বর্তমানে বিজিবির নিয়মিত মনিটরিংয়ের আওতায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।