রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের ৬ আসনে ৩৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৩৭ পিএম

দিনাজপুরের ৬ আসনে ৩৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে জেলায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হচ্ছে। এর ফলে উত্তরের এই জনপদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

দিনাজপুরের নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রতীক পেয়েছেন—দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মাঈনুল আলম। 

এছাড়া দিনাজপুর-২ আসনে বিএনপির সাদিক রিয়াজ পিনাক চৌধুরী ও জামায়াতের এ কে এম আফজালুল আনাম লড়াইয়ে রয়েছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। এর মধ্যে বিএনপি থেকে ৬ জন এবং জামায়াতে ইসলামী থেকে ৫ জন প্রার্থী লড়ছেন। তবে দিনাজপুর-৫ আসনে জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে এনসিপি (নাগরিক পার্টি) প্রার্থী ডা. আহাদ আলীকে সমর্থন দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের আগে বা প্রচারণার নিয়মের বাইরে কোনো কর্মকাণ্ড চালানো যাবে না।” প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা পোস্টার ছাপানো ও এলাকায় গণসংযোগের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছেন।