রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজারের বেশি ভোটার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৬, ০৮:১২ পিএম

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজারের বেশি ভোটার

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো ডিজিটাল প্রক্রিয়ায় ‍‍`পোস্টাল ব্যালটে‍‍` ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এর মধ্যে প্রবাসী, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা এই বিশেষ সুযোগ পাচ্ছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‍‍`পোস্টাল ভোট বিডি‍‍` অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। জেলায় মোট নিবন্ধিত ভোটারের মধ্যে ১৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং ৫ হাজার ৯৫০ জন নারী ভোটার রয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) থেকেই নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, দিনাজপুর-৬ আসনে সর্বোচ্চ ৪ হাজার ৪৮০ জন এবং দিনাজপুর-৩ (সদর) আসনে ৪ হাজার ১৫৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। 

এছাড়া দিনাজপুর-৫ আসনে ৪ হাজার ৮২ জন, দিনাজপুর-৪ আসনে ৩ হাজার ৫১২ জন, দিনাজপুর-২ আসনে ৩ হাজার ৩৩৮ জন এবং দিনাজপুর-১ আসনে ২ হাজার ৭৭৮ জন ভোটার এই তালিকায় রয়েছেন।জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

উল্লেখ্য, এবারের হালনাগাদ ভোটার তালিকায় জেলায় নতুন ১ লাখ ৫৫ হাজার ১৮ জন ভোটার যুক্ত হয়েছেন। বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে ১ হাজার ৭৯৮ জন বেশি। জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রে ৪ হাজার ৯৯৩টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।