মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ইয়ুথ ফোরাম মেম্বার ফেসিলিটেটরদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া এই কোর্সে ১৮ জন ইয়ুথ ফেসিলিটেটর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। সেশন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরিফিকেশন।
প্রশিক্ষণে মূলত `লাইফ স্কিলস বেইজড এডুকেশন` এবং `ইমপ্যাক্ট প্লাস প্রজেক্ট মডেল` নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ।
তিনি তার বক্তব্যে শিশু অধিকার রক্ষা, শিশু সুরক্ষা এবং শিশুদের বিকাশে সরাসরি সেবা গ্রহণের সুযোগগুলো তুলে ধরেন। এছাড়া সমসাময়িক সাধারণ নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য প্রদান করে অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। ইয়ুথ ফোরামের এই প্রশিক্ষিত সদস্যরা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।