সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর জিলা স্কুলে ডা. শামসুল আলম এর শিক্ষাবৃত্তি প্রদান

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:১৪ পিএম

দিনাজপুর জিলা স্কুলে ডা. শামসুল আলম এর শিক্ষাবৃত্তি প্রদান

ছবি-দিনাজপুর টিভি

শিক্ষিত ও মানবিক জাতি গঠনের অঙ্গীকার নিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার বিকল্প নেই। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে। ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তির মতো মানবিক উদ্যোগ তাদের উচ্চশিক্ষার পথে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

ডা. শাহনাজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এবার দিনাজপুর জিলা স্কুলের মর্নিং ও ডে শিফটের মোট ৪৮ জন এবং দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের নগদ অর্থ ও সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়।পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফাউন্ডেশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।