মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর কোতোয়ালি থানাধীন সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিসকক্ষে তালা ভেঙে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিরোধের জেরে একদল কুচক্রী মহল এই নাশকতা চালিয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার সভাপতি মো. ওবায়দুর রহমান এসব অভিযোগ তুলে ধরেন। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. জামিল উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে চাকরি থেকে ইস্তফা দেওয়া সাবেক শিক্ষক মো. সাইদুর রহমানের নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি মাদ্রাসার ৪টি কক্ষে অবৈধভাবে তালা লাগিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে গত ৬ ফেব্রুয়ারি ভোর ৫টা ৪৫ মিনিটে একদল দুর্বৃত্ত অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও রেজুলেশন বই একত্র করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং অনেক নথিপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সাইদুর রহমান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে নিজেদের পদে পুনর্বহালের দাবিতে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে আসছেন। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে তাঁদের দাবি ইতিমধ্যে `ভিত্তিহীন ও অযৌক্তিক` বলে প্রমাণিত হয়েছে। বর্তমান সুপার মো. জামিল উদ্দিন ২০১০ সাল থেকে বৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন বলে নথিপত্র উপস্থাপন করা হয়।
মাদ্রাসা সভাপতি ওবায়দুর রহমান বলেন, “প্রতিষ্ঠানকে ধ্বংস করতে এবং আমাদের হয়রানি করতে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” শিক্ষা প্রতিষ্ঠানটি যেন কোনো মিথ্যা মামলা বা ষড়যন্ত্রের শিকার না হয়, সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।