বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইজিবাইক সংগঠনের হয়রানি বন্ধের দাবিতে উত্তাল দিনাজপুর

জিন্নাত হোসেন

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৪১ পিএম

ইজিবাইক সংগঠনের হয়রানি বন্ধের দাবিতে উত্তাল দিনাজপুর

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ ইজিবাইক সংগঠনের বেআইনি কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সদর উপজেলা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র (জোড়াব্রিজ) সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ চালকরা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দাবিদার ‍‍`দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি‍‍` একটি রেজিস্ট্রেশন বিহীন অবৈধ সংগঠন। এর সকল কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে তারা শহরে তান্ডব চালায়। তারা সাধারণ অটোরিকশা শ্রমিকদের ওপর চড়াও হয়, চাবি কেড়ে নেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। 

এমনকি অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের অটোরিকশা থেকে নামিয়ে দেওয়ার মতো অমানবিক কাজও করেছে সংগঠনটি।মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, “দিনাজপুর শহরে এই বেনামী সংগঠনটি সাধারণ চালকদের দীর্ঘকাল ধরে হয়রানি করছে। তারা রাস্তার মোড়ে মোড়ে অটোরিকশা আটকে অরাজকতা সৃষ্টি করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই শহরের পরিবহন শৃঙ্খলা রক্ষায় এই অবৈধ সংগঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন। মানববন্ধনে দিনাজপুর সদর উপজেলা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আরমানসহ জেলা পর্যায়ের শীর্ষ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।