ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৪০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক নির্মূল ও আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এই সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থান এবং প্রতিটি ইউনিয়নে নিয়মিত পুলিশি টহল জোরদার করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী।
এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত থেকে আইনশৃংখলা পরিস্থিতির ওপর নিজ নিজ দপ্তরের মতামত তুলে ধরেন। সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশ নেন।
সভার অন্যতম প্রধান সিদ্ধান্ত হিসেবে জানানো হয় যে, এখন থেকে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রতিদিন অন্তত ২ জন করে পুলিশ কর্মকর্তা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবেন এবং নিয়মিত টহল দেবেন। মাদক ব্যবসায়ীদের যেকোনো মূল্যে প্রতিহত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিটি ইউনিয়নে বড় পরিসরে মতবিনিময় সমাবেশ করার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে কেবল পুলিশি অভিযান যথেষ্ট নয়, বরং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। তিনি মাদকের এই মরণব্যাধি বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে ইউএনও এবং থানার অফিসার ইনচার্জ মাদক নির্মূলে কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন। চিরিরবন্দর উপজেলাকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের প্রতিটি শাখাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন