ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ অনুদান হিসেবে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত সুফলভোগীদের মাঝে এই পশুখাদ্য তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা গরুর খাদ্য বিতরণ করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতের এই সমন্বিত প্রকল্পগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
তিনি সুফলভোগীদের দেওয়া সরকারি এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনার আহ্বান জানান।উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মূলত অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে বকনা গরু প্রদানের পাশাপাশি তাদের লালন-পালনের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হচ্ছে। আয়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো গবাদি পশু পালনে উদ্বুদ্ধ হবে এবং তাদের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আয়ের বিকল্প উৎস তৈরি হবে। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সরকারি এই সহায়তা পেয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীরা আনন্দ প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন