ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে খেয়াঘাট পয়েন্টে সেতু আন্দোলন কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দ্রুত সেতু বাস্তবায়নের দাবি জানান।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে খেয়াঘাটের ওপর নির্ভরশীলতা বাড়ায় পারাপারে ঝুঁকি তৈরি হয় এবং শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের নিয়মিত যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। এ ছাড়া কৃষিপ্রধান এলাকা হওয়ায় উৎপাদিত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে স্থানীয় কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা তাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
বক্তারা আরও উল্লেখ করেন যে, ঝাড়বাড়ী-জয়গঞ্জ পয়েন্টে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন এই অঞ্চলের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে এই সেতুটির অগ্রাধিকার থাকা প্রয়োজন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর যদি দ্রুত সেতু নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জনভোগান্তি নিরসনে দ্রুত কারিগরি সমীক্ষা ও বাজেট বরাদ্দ দেওয়ার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলুর রহমান মানিক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল সরকার এবং জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান, সেতু আন্দোলন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। ইফতারের আগমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ প্রস্তাবিত সেতুটি দ্রুত বাস্তবায়নের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন