ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:২৪ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোস্তফা জামান নামে এক মাদকসেবিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বিশ্বনাথপুর এলাকায় এই অভিযান ও দণ্ডাদেশ প্রদানের ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত মোস্তফা জামান উপজেলার বিশ্বনাথপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে।থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পুনট্রি ইউনিয়নের আমতলী বিশ্বনাথপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ইয়াবা ও টাপেন্ডাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সরঞ্জামসহ মোস্তফাকে হাতেনাতে আটক করা হয়।আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।
এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত চলাকালীন আটক যুবক নিজের অপরাধ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো থানা এলাকাকে মাদকামুক্ত করতে পুলিশের কঠোর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন