বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

মার্চ ৯, ২০২৬, ০২:৫৭ পিএম

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ আইনের পর্যালোচনা সভা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইনের কাগজে-কলমে অগ্রগতি থাকলেও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস)-এর নির্বাহী পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় মূল আলোচনা উঠে আসে তামাক নিয়ন্ত্রণের সাম্প্রতিক জেলা ভিত্তিক মূল্যায়ন। 

সভাপতির বক্তব্যে তিনি জানান, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনাজপুর জেলার সামগ্রিক গড় নম্বর কাগজে-কলমে ৭০ শতাংশ হলেও সরাসরি পর্যবেক্ষণে এই স্কোর নেমে এসেছে মাত্র ১৬ শতাংশে। এই বিশাল ব্যবধান প্রমাণ করে যে মাঠ পর্যায়ে আইনের প্রয়োগ অত্যন্ত সীমিত। 

তিনি জেলা ও উপজেলা টাস্কফোর্সের কার্যক্রম আরও সক্রিয় ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি নিয়মিত মনিটরিং নিশ্চিত করার দাবি জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং এডাব দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব মো. মোজাফ্ফর হোসেন। 

বক্তারা বলেন, তামাকমুক্ত দিনাজপুর গড়তে হলে কেবল সভা-সেমিনার নয়, বরং প্রশাসনের কঠোর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পাবলিক প্লেসে ধূমপান বন্ধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ জরুরি।মুক্ত আলোচনায় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। 

তারা অভিযোগ করেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কাগজে অগ্রগতি দেখালেও বাস্তবে প্রকাশ্য ধূমপান এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তামাকমুক্ত জেলা গড়তে তারা সামাজিক সচেতনতার পাশাপাশি সমন্বিত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।