মার্চ ৯, ২০২৬, ০৭:৩৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার ১১টি ইউনিয়নের জন্য প্রণীত বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা পর্যালোচনায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের এক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন বা গেইনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বীরগঞ্জ শালবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনার মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।কর্মশালায় মূলত ২০২৫-২৬ অর্থবছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী গৃহীত কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য ও পুষ্টির মান নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অংশগ্রহণকারীরা জানান, তৃণমূল পর্যায়ে পুষ্টিহীনতা দূর করতে কৃষি ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি বিভাগের কার্যকর অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।অনুষ্ঠানে বীরগঞ্জের ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইমাম, নারী উদ্যোক্তা এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কর্মশালা ও মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন