রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আধুনিক দিনাজপুর গড়ার প্রতিশ্রুতি জেলা পরিষদ প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৬, ০৮:৪২ পিএম

আধুনিক দিনাজপুর গড়ার প্রতিশ্রুতি জেলা পরিষদ প্রশাসকের

প্রশাসকের দায়িত্ব গ্রহণ -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম কর্মদিবস অতিবাহিত করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রথম দিন অফিস চলাকালীন তিনি জেলার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত জেলা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় সততার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।মঙ্গলবার সকাল ১০টায় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল তাঁর সহধর্মিনীকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছান। 

সেখানে তাঁকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন প্রশাসক। 

সভায় তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে দেশে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক ও টেকসই দিনাজপুর গড়ার যে ভিশন, তা বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। জেলার জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবিগুলো পূরণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে জেলা পরিষদের পক্ষে বড় বড় প্রকল্প গ্রহণ করা সম্ভব। 

নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার ১৩টি উপজেলায় সমন্বিত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে মঙ্গলবার সকালে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দায়িত্ব গ্রহণ করায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে। দলের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আবু বকর সিদ্দিক, আকতারুজ্জামান জুয়েল, নওশাদ আলী, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, দপ্তর সম্পাদক মো. আকতারুজ্জামান আকতার এবং প্রচার সম্পাদক বাবু চৌধুরী উপস্থিত ছিলেন। 

এছাড়া পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মহিলা দলের সভাপতি জিনাত আরা এবং সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে হলিল্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ নতুন প্রশাসককে শুভেচ্ছা জানান।