বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে কৃষকের জন্য মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

মো: মামুনুর রশিদ

এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৪৩ পিএম

চিরিরবন্দরে কৃষকের জন্য মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য যথাযথভাবে সংরক্ষণ এবং সঠিক সময়ে ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ‍‍`ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ‍‍` এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামে এই বিশেষ হিমাগারটির উদ্বোধন করা হয়। 

স্থানীয় কৃষক আবু বক্কর সিদ্দিকের বাড়ির পাশে স্থাপিত এই মিনি কোল্ড স্টোরেজটি গ্রামীণ কৃষকদের ভাগ্য বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা জানান যে অনেক সময় সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় কৃষকরা তাঁদের উৎপাদিত সবজি ও ফলমূল পচন থেকে বাঁচাতে কম দামে বাজারে বিক্রি করতে বাধ্য হন। এই মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে কৃষকরা এখন থেকে তাঁদের পণ্যগুলো দীর্ঘদিন সতেজ ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করতে পারবেন। এর ফলে তারা বাজারের দর বুঝে সুবিধাজনক সময়ে ফসল বিক্রি করে প্রকৃত ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন যা তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে।উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা উল্লেখ করেন যে কৃষকের ফসলের অপচয় রোধ করা এবং বাজারজাতকরণ প্রক্রিয়া সহজতর করতে এ ধরনের ক্ষুদ্র হিমাগার স্থাপন অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। 

এর মাধ্যমে চিরিরবন্দরের কৃষকরা সরাসরি লাভবান হওয়ার সুযোগ পাবেন এবং কৃষি উৎপাদনে তাঁদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এমন মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি তুলেছেন যাতে কৃষি বিপ্লব আরও ত্বরান্বিত হয়।