এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৩৪ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে একটি আবাসিক বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই বাড়ি থেকে অবৈধভাবে রাখা ৮৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের মনসা পাড়া এলাকায় উপজেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জনৈক নিতাই চন্দ্র রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো প্রকার অনুমোদন ছাড়াই মজুত রাখা ৮৭ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। দাহ্য পদার্থ অনিরাপদভাবে সংরক্ষণ ও সরকারি নিয়ম লঙ্ঘন করে মজুত করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ৮৭ লিটার পেট্রোল রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে সরকারি হেফাজতে জমা দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসন এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বলে জানা গেছে।এই বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে পুরো উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে কারো বিরুদ্ধে জ্বালানি তেলের অবৈধ মজুত বা বিপণনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এমন অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন