মাহবুবুল হক খান
এপ্রিল ২৯, ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই সাধারণ সভার আয়োজন করা হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী এক বছরের আয় ও ব্যয়ের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
বাংলা ১৪৩৩ সনের জন্য এই বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম, মোঃ একরামুল আমিন, মোঃ নুরুজ্জামান জাহানী ও মোঃ তহিদুল ইসলাম।
এছাড়া জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন এবং পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন।বাজেট সভায় আরও বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ হাবিবুল্লাহ, হাজী মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী আসির উদ্দিন, মোঃ বরকত আলী ও মোঃ মাহফুজ আলী প্রমূখ। আইনজীবীরা সমিতির উন্নয়ন ও সদস্য কল্যাণে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।
সাধারণ সভায় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ আইনজীবী উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনী ও মতামতের ভিত্তিতে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বার্ষিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।