এপ্রিল ২৯, ২০২৬, ০৬:২৭ পিএম
দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। “তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” স্লোগানকে সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে এ বাছাই পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল।
এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির একটি টেকসই প্ল্যাটফর্ম নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হলো।অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায় এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রানা, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা এতে অংশ নেন।বাছাই পর্বে দিনাজপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে। এই ক্রীড়া আয়োজনে মোট আটটি ইভেন্টে শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টস এবং সাঁতার।
উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বয়স অবশ্যই ১২ থেকে ১৪ বছর হতে হবে।সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলা পর্যায়ের এই বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিশেষ সুযোগ প্রদান করা হবে। বর্তমানে মাঠ পর্যায়ে বাছাই কার্যক্রম চলমান রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন