মে ২, ২০২৬, ১২:৪৪ পিএম
মলাটবন্দি বইয়ের ঘ্রাণ আর শব্দের বুননে বুঁদ হয়ে থাকা ১৬ বছর বয়সী এক কিশোরী দিনাজপুরের ঘোড়াঘাটে রীতিমতো বিস্ময় তৈরি করেছেন। জান্নাতুন ফেরদৌসী নামের এই কিশোরী কবি অল্প বয়সেই কবিতার জগতে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন। উত্তরের জনপদ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রাম থেকে উঠে আসা এই কবি এখন এলাকার মানুষের কাছে এক গর্বের নাম।
জান্নাতুন ফেরদৌসী বর্তমানে উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে সঁপে দিয়েছেন সাহিত্যের আঙিনায়। এ পর্যন্ত তাঁর লেখনীর ব্যাপ্তি স্থানীয় পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
অমর একুশে বইমেলায় প্রকাশিত বিভিন্ন কাব্যগ্রন্থ ও সংকলনে তাঁর প্রায় ১৫০টি কবিতা স্থান পেয়েছে। এর পাশাপাশি ৮ থেকে ১০টি একক ও যৌথ কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা পাঠকমহলে প্রশংসিত হয়েছে।
ঘোড়াঘাটের ওসমানপুর এলাকার কলেজপাড়ার বাসিন্দা জান্নাতুন শৈশব থেকেই শব্দের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতেন। তাঁর কলমে চারপাশের প্রকৃতি, জীবনবোধ আর দেশপ্রেমের কথা ফুটে ওঠে। জান্নাতুন জানান, পরিবার ও শিক্ষকদের নিয়মিত অনুপ্রেরণা তাঁকে সাহিত্যের এই পথে এগিয়ে যেতে বিশেষভাবে সাহায্য করেছে।
জান্নাতুন ফেরদৌসীর এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বিদ্যাপীঠ ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, জান্নাতুন তাঁদের বিদ্যালয়ের গর্ব। এই বয়সে তাঁর এমন সৃজনশীলতা সত্যিই বিরল। তিনি আশা প্রকাশ করেন যে, জান্নাতুন একদিন জাতীয় পর্যায়ে বড় সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
কবিতা লেখা প্রসঙ্গে জান্নাতুন জানান, কবিতা তাঁর কাছে কেবল শব্দ সাজানো নয়, বরং মনের গহীন কথা প্রকাশের একটি মাধ্যম। ভবিষ্যতে তিনি বাংলা সাহিত্য নিয়ে আরও উচ্চতর কাজ করতে চান এবং তাঁর লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি ও মানবতার কথা তুলে ধরতে চান। বর্তমানে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নতুন কবিতার পাণ্ডুলিপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঘোড়াঘাটের এই খুদে কবি। স্থানীয়রা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে জান্নাতুন ফেরদৌসী একদিন দেশের সাহিত্যের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন