বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি‍‍`হত

ফাহিম হোসেন রিজু

মে ১৬, ২০২৬, ১২:৪৬ পিএম

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি‍‍`হত

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার কানাগাড়ী বাজার সংলগ্ন একটি অটো রাইচ মিলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের চালকও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় ছিটকে পড়ে আরোহী ব্যক্তিটি ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহত ব্যক্তির নাম মো. রোমান হোসেন (৩৮)। তিনি জয়পুরহাট জেলা সদরের শাপলা নগর এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাসুদ রানা ও রোমান হোসেন রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে কানাগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটো রাইচ মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. মাসুদ রানা (৩৪) ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকার মো. আহম্মদ আলীর ছেলে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত রোমানের লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। আহত মাসুদ রানাকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।