বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ

এনামুল মবিন(সবুজ)

মে ১৬, ২০২৬, ০২:৪৭ পিএম

চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই সহায়তা দেওয়া হচ্ছে।

তালিকাভুক্ত প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।চলতি ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চিরিরবন্দরের মোট ১২টি ইউনিয়নে একযোগে এই কার্যক্রম চলছে। 

আব্দুলপুর ইউনিয়ন পরিষদের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

অনুষ্ঠানে বিশেষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম। এছাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

উদ্বোধনী এই কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসা বক্তারা পবিত্র ঈদ উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা এলাকার সাধারণ মানুষের মাঝে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে চাল বিতরণের সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান করেন।