জুন ১০, ২০২৬, ১০:২৪ পিএম
দিনাজপুরের কাহারোলে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নাগরিক প্লাটফর্মের আয়োজনে এই জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ সভা সম্পন্ন হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ।
উপজেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ও বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ মোছাঃ নাজমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেন্ডার সমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ এবং সহিংসতা প্রতিরোধে নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন তরুণদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক নিয়ে কথা বলেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিমুর রহমান সেলিম। মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন তথ্য আপা মোছাঃ নূরজাহান খাতুন ও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম। জেলা কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ফাখ্খারুল ইসলাম দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেসিওয়াচ এর ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মোঃ আব্দুস সালাম। সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এই আলোচনায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন