জুন ২৯, ২০২৬, ০৯:২৮ পিএম
“নিশুত ও নিরাপদ শৈশব নিশ্চিত করি, শিশুশ্রমকে না বলি”—এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ডাক্তার কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশ নেন।
শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলার সুনির্দিষ্ট অঙ্গীকারের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা। আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, শিশুশ্রম প্রতিরোধে শুধু প্রচলিত আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, শিশুদের কোনো ধরনের ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত না করে তাদের নিয়মিত শিক্ষা, খেলাধুলা ও সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে।তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য শিশুদের বয়স উপযোগী ও নিরাপদ পরিবেশে বিভিন্ন সহায়ক কাজ শেখানো যেতে পারে।
তবে তা যেন কোনো অবস্থাতেই তাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া, শারীরিক ও মানসিক বিকাশ কিংবা আনন্দময় শৈশবকে ব্যাহত না করে। প্রতিটি শিশুর নিরাপদ, আনন্দময় ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করাই বর্তমান সমাজের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করে বক্তারা অনুষ্ঠান শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন