জুলাই ৯, ২০২৬, ০৫:১৪ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে উপজেলা পর্যায়ে সম্প্রসারণের অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির আওতায় উপজেলায় একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বর্তমানে এ ধরনের কোনো কেন্দ্র নেই। তিনি বলেন, এই অঞ্চলের তরুণ ও যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী জনশক্তিতে রূপান্তর করতে বিরলের এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটির শুরু থেকেই সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিরলসহ আশপাশের এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে এই প্রশিক্ষণ কেন্দ্রটি একটি মাইলফলক হয়ে উঠবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় তরুণ-তরুণীরা সরকারি খরচে কম্পিউটার, অটোমোটিভ, গার্মেন্টস, ড্রাইভিং ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন আধুনিক কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের শিল্পখাতে দক্ষ জনবলের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে উচ্চ বেতনে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন