রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১২:৪০ পিএম

চিরিরবন্দরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আখতারুজ্জামান মিয়া

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হলো। চৌরঙ্গী বাজার থেকে ভূষিরবন্দর পর্যন্ত দীর্ঘ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। মঙ্গলবার এলাকার যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও মাননীয় সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

কাজের মোট পরিধি ধরা হয়েছে দুই হাজার সাতশ মিটার।চেইনেজ শূন্য দশমিক শূন্য শূন্য মিটার থেকে শুরু করে দুই হাজার সাতশ দশমিক শূন্য শূন্য মিটার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। জরাজীর্ণ এই সড়কটি নতুনভাবে নির্মাণের ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও উল্লেখযোগ্য গতি আসবে। এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান সরকারের সুনির্দিষ্ট পলিসির কারণে দেশের প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।