রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

গুজবের জেরে দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মো: মামুনুর রশিদ

জুলাই ২৩, ২০২৬, ১২:৩৩ পিএম

গুজবের জেরে দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই দিনাজপুরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়। 

ফলস্বরূপ, বৃষ্টি উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যায় চালকদের।বৃহস্পতিবার সকালেও একই চিত্র অব্যাহত রয়েছে।শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে দেখা গেছে যে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

অনেক চালক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে ভবিষ্যতে তেল না পাওয়ার ভয়ে তারা আগেভাগেই ট্যাংকি পূর্ণ করে রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পাম্প মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য স্পষ্টভাবে জানিয়েছেন যে বাজারে জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই।

অপ্রয়োজনীয় আতঙ্কে না ভুগে সকলকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। গুজবের ওপর ভিত্তি করে পাম্পগুলোতে হঠাৎ চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।