আগস্ট ১৬, ২০২৬, ০৬:০২ পিএম
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে শিক্ষকদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। রোববার (১৬ আগস্ট) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার জমিদার নগরে শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মূলত স্কুলটিতে নবনির্মিত ‘আইসিটি ল্যাব’ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে হুইপ বলেন, পর্যাপ্তসংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল না করলে কোথায় ঘাটতি রয়েছে, তা খুঁজে বের করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, মাস শেষে কেবল বেতন নিলেই হবে না; বরং শিক্ষার্থীদের ভালোভাবে পড়ানো এবং কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার দায়বদ্ধতা শিক্ষকদের নিতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
সরকার শিক্ষা খাতে বিপুল বিনিয়োগ করছে উল্লেখ করে হুইপ আখতারুজ্জামান মিয়া জানান, এই বিনিয়োগের বিপরীতে কাঙ্ক্ষিত ফলাফল না এলে সবাইকে সম্মিলিতভাবে ভাবতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অটোপাসের সুযোগ আর ফিরে আসবে না। তাই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। না পড়লে পরীক্ষার সহজ প্রশ্নও কঠিন মনে হতে পারে বলে তিনি সতর্ক করেন।
বাল্যবিবাহের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করে হুইপ বলেন, অল্প বয়সে বিয়ে না দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। শিক্ষাজীবন শেষ করে নিজেদের যোগ্য করে তুললে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা খাতুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে হুইপ নবনির্মিত আইসিটি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন