আগস্ট ১৬, ২০২৬, ০৭:০৯ পিএম
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে আত্রাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ফুটবল মাঠে রবিবার (১৬ আগস্ট) বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় গড়ফতু উদয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে মাঠে খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। তার উপস্থিতি স্থানীয় ক্রীড়াবিদ ও দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা জোগায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিপুল অধিকারী এবং মনিরুজ্জামান টুটুল। এছাড়া উদ্বোধনী ম্যাচের ডোনার হিসেবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল এবং সততা মাংস ভান্ডারের পরিচালক আলিমউদ্দীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নুর ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পঞ্চগড়ের বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমি এবং নীলফামারীর এলিট স্পোর্টস ফুটবল একাডেমি। হাড্ডাহাড্ডি লড়াই ও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মুখর ছিল পুরো ম্যাচটি। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন