আগস্ট ১৮, ২০২৬, ১০:৫০ পিএম
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র কালিতলায় শতবর্ষের ঐতিহ্যবাহী মনসা কুঠিরে দিনব্যাপী ও ত্রিপ্রহরের পূজার্চনার মধ্য দিয়ে শ্রী শ্রী মা মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে স্থানীয় ভক্ত ও অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবারও পারিবারিক উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই পূজার আয়োজন করা হয়।মহাসমারোহে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী এই পূজা।
পূজার্চনা উপলক্ষে সকালে মন্দিরে বিশেষ মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার পালনের পাশাপাশি ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পুরোহিত সুজন মুখার্জী পূজার মন্ত্র পাঠ ও পূজা পরিচালনা করেন। শতবর্ষ পুরনো এই মন্দিরে পূজা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভক্তরা।
এই আয়োজনে সেবায়েত শ্রী গোবিন্দ নারায়ণ ভট্টাচার্য, তাঁর স্ত্রী শীলা রানী ভট্টাচার্য এবং কন্যা মাধুরী ও মঞ্জুরী ভট্টাচার্যসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আত্মীয়স্বজন এবং এলাকার নারী-পুরুষ ভক্তবৃন্দও ধর্মীয় এই উৎসবে অংশ নেন।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মর্ত্যলোকে মনসা পূজার প্রচলন শুরু হওয়ার পেছনে রয়েছে বেহুলা ও লখিন্দরের উপাখ্যান। কালক্রমে সেই ঐতিহ্য ধরে রেখেই প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে সাড়ম্বরে মনসা পূজা উদযাপিত হয়ে আসছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন