বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

জিয়া হার্ট ফাউন্ডেশন পেল আধুনিক অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৬, ০৫:৫২ পিএম

জিয়া হার্ট ফাউন্ডেশন পেল আধুনিক অ্যাম্বুলেন্স

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশনকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় একটি আধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে এনসিসি ব্যাংক। এর ফলে স্থানীয় রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।অনুষ্ঠানে ব্যাংক ও ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল নেওয়াজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ডাইরেক্টর খাইরুল আলম চাকলাদার, ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জাকির আনাম। অন্যদিকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে চাবি গ্রহণ করেন সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ও কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির। এছাড়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে মানুষের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এনসিসি ব্যাংকের এই অ্যাম্বুলেন্স উপহার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে দারুণ সহায়ক হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।