বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

আতিউর রহমান

আগস্ট ২২, ২০২৬, ০৩:৩০ পিএম

বিরলে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং স্থানীয় আয়োজক বিরল সায়েন্স একাডেমির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছয় শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞান উৎসবে অংশ নেয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে প্রতিভার কোনো কমতি নেই। মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করে বাস্তবভিত্তিক বিজ্ঞান চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে এবং তোমরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানী। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিরল উপজেলার বোর্ডহাট কলেজের প্রভাষক ও লেখক বিধান দত্ত। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বিজ্ঞানের জটিল বিষয়গুলো ভয় না পেয়ে আনন্দের সাথে শিখতে পারে, সেটাই এই আয়োজনের মূল লক্ষ্য।

দিনব্যাপী এই অলিম্পিয়াডে সাধারণ বিজ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিরল সায়েন্স একাডেমির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর এই আয়োজনে ২৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।