আগস্ট ২৯, ২০২৬, ১১:৪৯ পিএম
স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান শ্রমবাজারের পরিবর্তনশীল চাহিদা মোকাবিলায় তরুণ সমাজকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে নারীদের প্রশিক্ষণের মূল ধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা অত্যন্ত জরুরি। প্রশিক্ষিত জনশক্তির ওপরই দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সনাতন শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও জানান, এই বিশেষ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা বহুমুখী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন