বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বিরলে ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

আতিউর রহমান

আগস্ট ৩০, ২০২৬, ০৮:৩০ পিএম

বিরলে ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোনা-নদীর খাড়ী থেকে অবৈধভাবে মাছ শিকারের সময় এই জালগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের খোপড়া গ্রামের রামচন্দ্রপুর নোনা-নদীর খাড়ী এলাকায় অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য আহরণ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ৬৬টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। 

বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের ক্ষতিকর জাল ও জীববৈচিত্র্য ধ্বংসকারী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

জাল ধ্বংস করার এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক জলাশয় ও মৎস্য প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।