বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:২৩ পিএম

মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‍‍`কাঞ্চন-১‍‍`-এ এই সভা সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা। দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরালো করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধে বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কঠোর করার নির্দেশ দেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।