শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের পর্যটনে প্রকৃতির অপূর্ব রূপ ছড়াচ্ছে মাতাসাগর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:২৩ পিএম

দিনাজপুরের পর্যটনে প্রকৃতির অপূর্ব রূপ ছড়াচ্ছে মাতাসাগর

শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে সবুজ প্রকৃতি ও জলরাশির অপূর্ব এক মেলবন্ধন তৈরি করেছে দিনাজপুরের মাতাসাগর। সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক এই দিঘিটি স্থানীয় পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের কাছে একটি অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।

বিশাল পাহাড় না থাকলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই এখানে। জলাশয়ের চারপাশ ঘিরে রয়েছে ছোট ছোট টিলা আর সারি সারি গাছগাছালি। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দেয়। প্রতিদিনই শহর ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য ছুটে আসেন।

সবচেয়ে বেশি ভিড় জমে দিনের শুরু ও শেষ ভাগে। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় মাতাসাগরের পানিতে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়লে এক অন্যরকম নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয়।

জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে এক সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি। রাজা রামনাথের শাসনামলে এই বিশাল দিঘিটি খনন করা হয়েছিল। সুখসাগরের ঠিক উত্তরে এর অবস্থান। বর্তমানে প্রায় ৪৫ দশমিক ৬০ একর বিস্তীর্ণ জায়গাজুড়ে এই মাতাসাগর তার ঐতিহ্য ধরে রেখেছে।