বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, প্রভাব পড়বে দেশে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৯:৪৫ এএম

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম, প্রভাব পড়বে দেশে

স্বর্ণের বৈশ্বিক বাজার

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। 

একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৮৬ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। ডলারের মূল্য কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার ধারকদের কাছে স্বর্ণ ক্রয় আগের চেয়ে সহজ হয়েছে যা দাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

বৈশ্বিক এই অস্থিরতার নেপথ্যে কাজ করছে ইরান-আমেরিকা সরাসরি যুদ্ধ পরিস্থিতি। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের আঘাতে ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়া এবং তুরস্কের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনা বিশ্ব বাজারকে আতঙ্কিত করে তুলেছে। তেহরানে নতুন নেতৃত্ব আসার ইঙ্গিত এবং চাপের মুখে নতি স্বীকার না করার মানসিকতা এই সংঘাতকে দীর্ঘস্থায়ী করার বার্তা দিচ্ছে। 

এই ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে চলতি বছর স্বর্ণের দাম ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ধারাবাহিকভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক সিদ্ধান্তও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনীত করেছেন। ধারণা করা হচ্ছে সুদের হার কমানোর লক্ষে এটি সরকারের একটি কৌশলগত পদক্ষেপ। 

আগামী ১৮ মার্চ ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকে সুদের হার স্থিতিশীল রাখা হতে পারে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বিনিয়োগকারীরা এখন মার্কিন বেকারত্বের তথ্য এবং কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন যা স্বর্ণের পরবর্তী দাম নির্ধারণে ভূমিকা রাখবে। শুধু স্বর্ণ নয় বরং রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশ্ববাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং যেকোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আসতে পারে। এর আগে গত ৪ মার্চ বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছিল। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের বর্তমান চিত্র অনুযায়ী স্থানীয় বাজারে মূল্যবান এই ধাতুর দাম আবারও বড় ব্যবধানে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।