বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে কমল স্বর্ণের দাম:আজ ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৯:৫২ এএম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম:আজ ভরি কত?

কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বাজারে টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন মূল্য নির্ধারণের তথ্য নিশ্চিত করেছে। 

নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এর আগে সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যখন এর মূল্য ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা। 

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান মূল্য ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমানো হয়েছে।স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন ৬ হাজার ৫৩২ টাকায় বিক্রি হচ্ছে।

 

২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ৬ হাজার ২৪০ টাকা এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪ টাকা। গত ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে স্বর্ণ ও রুপার বাজারে মূল্যের অস্থিরতা বেশি দেখা যাচ্ছে। বাজুস জানিয়েছে, বিশ্ববাজারের পরিস্থিতি এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে নিয়মিত এই দাম সমন্বয় করা হবে।