মার্চ ২৭, ২০২৬, ০৪:০১ পিএম
দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানিয়েছেন, শনিবার থেকেই সারা দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তাকে অনভিপ্রেত হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাধারণ গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানানো হয়, চলতি মার্চ মাসে সরকারি ছুটির আধিক্য থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্পগুলো সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল।
তবে বর্তমানে পর্যাপ্ত মজুত থাকায় এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সংগত কারণ নেই বলে পাম্প মালিকদের শীর্ষ নেতা আশ্বস্ত করেছেন। তিনি তার দীর্ঘ ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি এবং এটি সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত আচরণ করতে হবে।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল আরও সতর্ক করে দিয়েছেন যে, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সচেতন না হন এবং পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় অব্যাহত থাকে, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। এমন কঠোর পদক্ষেপ কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে তিনি মন্তব্য করেন। জনস্বার্থে সবাইকে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরবরাহ শৃঙ্খলা পুনরায় সচল হচ্ছে এবং খুব দ্রুতই দীর্ঘ লাইনের ভোগান্তি দূর হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন