এপ্রিল ৭, ২০২৬, ০৬:৩৬ পিএম
দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৫ টাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিইআরসির পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা।
এর আগে এই জ্বালানি প্রতি লিটার ২০২ টাকা ২৯ পয়সা দরে বিক্রি হতো। অর্থাৎ লিটার প্রতি খরচ বেড়েছে ২৪ টাকা ৭৯ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বিশ্ববাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্যের সাথে সামঞ্জস্য রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ২৪ মার্চও জেট ফুয়েলের দাম এক দফায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পুনরায় এই মূল্যবৃদ্ধির ফলে আকাশপথে যাত্রী পরিবহনের খরচ বা বিমানের টিকিটের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্টরা। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে বলেও জানিয়েছে কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন