মে ১০, ২০২৬, ০৭:২২ পিএম
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল নোটের অপতৎপরতা রোধে ১০টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে বিনামূল্যে নোট যাচাই সেবা দিতে হবে।
এ জন্য ব্যাংকগুলোকে তাদের মনোনীত সমন্বয়কারী ও কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মের মধ্যে ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। সমন্বয়কারী কর্মকর্তারা সংশ্লিষ্ট হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটরিং করবেন।
ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা পর্যায়ের হাটগুলোতে দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক পিএলসির চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে তাদের নিজ নিজ শাখা থেকে পশুর হাটে এই সেবা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হাটে স্থাপিত বুথগুলোতে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ব্যানার বা নোটিশ প্রদর্শন করতে হবে। একই সঙ্গে নোট যাচাইয়ের পাশাপাশি নোট কাউন্টিং মেশিনের সাহায্যে নগদ অর্থ গণনার সুবিধাও দিতে হবে। বুথ স্থাপন ও সার্বিক নিরাপত্তার জন্য ব্যাংকগুলো প্রয়োজনে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ, র্যাব বা আনসার বাহিনীর সহযোগিতা নিতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বুথে নোট যাচাইকালে কোনো জাল নোট ধরা পড়লে বিদ্যমান আইনি বিধি ও ২০০৭ সালের সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া ব্যাংকগুলোর নিজ নিজ শাখায় স্থাপিত টিভি মনিটরগুলোতে ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।
দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ব্যাংক বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা সমাপ্ত হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই নির্দেশনা পরিপালন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন