মে ২৩, ২০২৬, ০৬:০৪ পিএম
দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ও বন্ধ কারখানায় ৬০ হাজার কোটি টাকার তহবিল গঠনে বড় স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এই মেগা প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন। এর মাধ্যমে দেশের বন্ধ হওয়া শিল্প পুনরায় সচল হওয়াসহ প্রায় ২৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
গত তিন বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে ক্রমান্বয়ে ৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল ও সিরামিকসহ প্রধান উৎপাদন খাতগুলো বড় ধাক্কা খাওয়ায় ব্যাংক খাতে খেলাপি ঋণ ও আমানতকারীদের আস্থা সংকটের মতো চাপ তৈরি হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত প্যাকেজের ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম এবং বাকি ১৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে।
এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি, কৃষিতে ১০ হাজার কোটি এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানে ১ হাজার কোটি টাকা দেওয়া হবে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে।সৃজনশীল অর্থনীতির জন্য নির্ধারিত ৫০০ কোটি টাকা সিএসআর তহবিল থেকে সম্পূর্ণ অনুদান হিসেবে দেওয়া হবে।
পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে অর্থ দেবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড রাখতে পারবে, ফলে বড় গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তবে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ব্যবস্থাপনা ব্যয় বেশি হওয়ায় সুদের হার কিছুটা বেশি হতে পারে বলে গভর্নর স্পষ্ট করেছেন। এই উদ্যোগের ফলে রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স চাঙা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে বলে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন