বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

এবার বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৪২ পিএম

এবার বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গত দুই দিনে ৪ বার ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, "আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি।

অর্থাৎ ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।" এর আগে গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়।উপাচার্য জানান, ভূমিকম্পের জেরে সৃষ্ট আতঙ্কের কারণে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" এর মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

তবে ক্লাস-পরীক্ষা ও হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কার্যক্রম চালু থাকবে। উপাচার্য বলেন, "জকসু কার্যক্রম যেভাবে চলমান আছে এটা যথারীতি অনুযায়ী চলমান থাকবে। তারপরও আগামীকাল প্রার্থীদের নিয়ে তাদের মতামত জানার জন্য নির্বাচন কমিশন বসবে।"