ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৫১ পিএম
জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল শনিবারের (২০ ডিসেম্বর) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে বলা হয় সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক শিক্ষার্থী হাদির প্রয়াণে এই পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা গ্রহণকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপযুক্ত বলে মনে করছে।হাদির মৃত্যুতে সরকারের পক্ষ থেকে ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই এই পরীক্ষার নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর এই অকাল প্রয়াণে ঢাবি পরিবারসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন