রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩২ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৪২ পিএম

৩২ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল তাদের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।

এই পদে শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিবের চেয়ে ৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের দেওয়া ৩২ কেন্দ্রের সমন্বিত হিসাবে, ভিপি পদে ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩ হাজার ৮৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৪২৩ ভোট।

২৬ কেন্দ্রের ফলাফলে যেখানে ব্যবধান ছিল ৩৫১ ভোট, সেখানে ৩২ কেন্দ্র শেষে এই ব্যবধান বেড়ে ৪৬০-এ দাঁড়িয়েছে।ভিপি পদের পাশাপাশি সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে তাঁদের লিড ধরে রেখেছেন। পরিসংখ্যান অনুযায়ী, এই দুই পদে শিবিরের বিজয় এখন প্রায় সুনিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচন কমিশনাররা নিরবচ্ছিন্নভাবে ফলাফল প্রকাশ করছেন।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রতীক্ষিত এই জকসু নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন মাত্র ৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এই শেষ মুহূর্তের ফলাফল জানার জন্য পুরো ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে।