সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:০১ পিএম

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই নির্দেশনার ফলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেল। 

দীর্ঘ ২৭ বছর পর সাস্টে ছাত্র সংসদ নির্বাচনের যে আশার আলো জেগেছিল, আইনি এই আদেশে তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।এই আইনি জটিলতার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছিল। 

সোমবার সকালে শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর পক্ষ থেকে নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। 

ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি হল দখল করা এবং নীতিমালা পরিবর্তনের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ। তিনি আরও জানান, নির্বাচনের দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশ তাদের ওপর দোষারোপের চেষ্টা করে, তাই তারা নির্বাচন পরিচালনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে হাইকোর্টের এই স্থগিতাদেশের খবরে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

এর আগে ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছিল যে, শাকসু নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদে তারা দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি পালন করবে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জানিয়েছিলেন, আদালত বা পেশিশক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ছাত্রসমাজ মেনে নেবে না। হাইকোর্টের রায়ের পর শিক্ষার্থীদের সাধারণ প্যানেলগুলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরবর্তী শুনানির আগে শাকসু নির্বাচনের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত।