মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

আগামীকাল থেকে বন্ধ দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০১:১৪ পিএম

আগামীকাল থেকে বন্ধ দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল

স্কুলে ছুটির ঘোষণা

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় বা ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

৯ মার্চ থেকে শুরু হওয়া এই ছুটি সরকার ঘোষিত ঈদের ছুটির শেষ সময় পর্যন্ত কার্যকর থাকবে।বিবৃতিতে জানানো হয়েছে যে পবিত্র রমজানে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনভোগান্তি ও যানজট নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সরকার মনে করছে এই ছুটির ফলে বড় শহরগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখা সম্ভব হবে।তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের পূর্বঘোষিত আবশ্যিক পরীক্ষাগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এসব পরীক্ষার শিডিউলে কোনো পরিবর্তন আসবে না এবং নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলো গ্রহণ করতে হবে। 

একই সাথে মন্ত্রণালয় কড়া নির্দেশনা দিয়েছে যে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম এই সময়ে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।